রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় একটি স্টিল মিল কারখানায় রড গলানোর সময় বিস্ফোরিত হয়ে ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন, সঞ্জয় চক্রবর্তী (৩৩), বিল্লাল (২০) এবং  রিপন (২৫)। শনিবার সকালে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, শ্যামপুর থানার কদমতলী স্টিল মিল প্রাইভেট লিমিটেড নামক কারখানায় লোহার রড গলাতে গিয়ে ৩ শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন।
পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহতদের সহকর্মী আনোয়ার জানান, রড গলানোর সময় সেখানে হঠাৎ করে একটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে সঞ্জয় চক্রবর্তী (৩৩), বিল্লাল (২০), রিপন (২৫) নামের ৩ শ্রমিকই গুরুতর আহত হয়েছেন।
ঢামেক বার্ণ ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ৩ জনের অবস্থাই আশঙ্কা জনক। তাদের মধ্যে সঞ্জয় চক্রবর্তী দগ্ধের হার ৯০ ভাগ, বিল্লালের দগ্ধের হার ৭০ ভাগ, রিপনের দগ্ধের হার ৭০ ভাগ।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]