ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মেদ আল মামুন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এড. আনিসুর রহমান খান, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মো: আনোয়ার হোসেন ও বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেনা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান।

আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসএইচ