কুষ্টিয়ায় ট্রাকচাপায় সাইদুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগিয়া কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মঙ্গলবাড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহত সাইদুল ইসলাম পার্শ্ববর্তী একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজের উদ্দেশে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি কাঠ বোঝাই ট্রাক কানাবিলের মোড় নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে সাইদুল ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহত সাইদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

এমআইএস