গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করবেন নরেন্দ্র মোদি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাধি সৌধ পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি গাছের চারা রোপণ করবেন মোদী।

এরপর তিনি গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন এবং সেখানে প্রার্থনা করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৬ মার্চ) সকালে দুই দিনের সফরে ঢাকা আসেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা জেলার শ্যামনগর যান মোদী। সেখানে তিনি যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং পূজা দেন। এরপর সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় আসেন।

সফরের দ্বিতীয় দিন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সেখানে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এর আগে সফরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাভারের স্মৃতিসৌধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের শ্রদ্ধা জানান এবং রাজধানীর প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

এএস