নারায়ণগঞ্জে ৭জনকে অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাবের ৩ সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি পেয়েছে পুলিশ।
গত সোমবার আইন অনুযায়ী র‌্যাবের ওই তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে (এফডি) চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওই চিঠির জবাবে সশস্ত্র বিভাগ এ মত দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এখন সাবেক এই ৩ কর্মকর্তাকে গ্রেফতারে কোন বাধা নেই।
সূত্রমতে জানাগেছে,সশস্ত্র বাহিনী বিভাগ এই চিঠিটি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবহিত করেছে। বৃহস্পতিবার রাতে এই চিঠি স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে পুলিশ মহাপরিদর্শকের দফতরে পৌঁছেছেন।
এই ৩ র‌্যাব কর্মকর্তা হলেন,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা সেনা কর্মকর্তা র‌্যাব-১১ এর সাবেক সিও তারেক সাঈদ মাহমুদ,মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকা ঘুষ নিয়ে আরেক কাউন্সিলর নজরুল ইসলাম ও প্রবীণ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
[b]ঢাকা, এমআর, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)[/b]