পঞ্চগড়ে মাদকসহ জেলা কারাগারের এক রক্ষীসহ অপর একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দেওয়ানহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জেলা কারাগারের রক্ষী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোয়ালেরদারা এলাকার আবুল হোসেন ওরফে আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (২৮) এবং পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বংশিধার এলাকার সোলেমান হকের ছেলে সাদ্দাম হোসেন (২২)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোহসে উল গণি বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দেওয়ানহাট এলাকার একটি রাস্তায় সাদ্দাম হোসেন বাইসাকেল যোগে প্লাস্টিকের ব্যাগে করে ১৪০টি নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিল নিয়ে আসে। কারারক্ষী বেলাল হেসেন মোটরসাইকেল নিয়ে ওই মাদক নিতে সেখানে আসেন।
মাদক দেওয়া-নেওয়ার সময় তাদের হাতে-নাতে আটক করে পুলিশ। এ সময় কারারক্ষী বেলাল হোসেন পুলিশ সদস্য সফিকের হাতে কামড় দিলে তিনি সামান্য আহত হন।
এআই/





