পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মুসা হক (৩২) নামে থ্রি-হুইলারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো ৩ জন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পামুলী ইউনিয়নের কালুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা হক বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে থ্রি-হুইলারের চালক এনামুল হকের নাম জানা গেছে।

স্থানীয় পামুলী ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মো. তানভীর যোবায়ের হোসেন জানান, বিকালে বোদা থেকে দেবীগঞ্জগামী ওই থ্রি-হুইলারটি কালুরহাট এলাকায় যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারের ওপর উল্টে যায়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে থ্রি-হুইলারের যাত্রী মুসা হক ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ ৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ