নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা জমসেদ হত্যার দায়ে জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদকসহ ৩ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রামাণিক, দফতর সম্পাদক মমিন শেখ ও আওয়ামী লীগের কর্মী জাহিদ হোসেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল জানান, তার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লবসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সভায় হত্যাকা- তদন্তের জন্য দলীয়ভাবে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়। ওই টিম তদন্ত সাপেক্ষে আগামী ১৩ সেপ্টম্বরের মধ্যে তা জেলা কমিটির নিকট জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ