যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের ঈসমাইল গাজী নামে এক হত দরিদ্র বর্গা চাষীর ২ বিঘা জমির পাট কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা।

শনিবার রাতে দূর্বৃত্তরা এই হত-দরিদ্র বর্গা চাষীর ২ বিঘা জমির অধিকাংশ পাট গাছের মাঝখান থেকে কেটে নষ্ট করে দিয়েছে।

ক্ষতিগ্রস্থ পাট চাষী ঈসমাইল গাজী কান্না জড়িত কন্ঠে বলেন, আমি একজন দরিদ্র বর্গা চাষী। আমার নিজস্ব কোন জমি নেই।

এই ২ বিঘা জমি আমি বেনাপোলের মঈনুদ্দিন হাজী সাহেবের কাছ থেকে বছরে ইরিতে-১০ মন ও আমনে-৮ মন ধান দেওয়ার কথা বলে বর্গা নেই।

খুব কষ্টে ধার-দেনা করে আমি সেই জমিতে পাট চাষ করি। আমার জমিতে এবার পাটের ফলনও ভাল হয়েছিল।

কিন্তু কে বা কারা শনিবার রাতে আমার ২ বিঘা জমির অধিকাংশ পাট মাঝখান থেকে কেটে নষ্ট করেছে আমি জানিনা। এখন কিভাবে আমি এই ধার শোধ দেব আমি কিছুই ভাবতে পারছিনা। এ ব্যাপারে পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

শার্শা উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার প্রতিবেদককে জানান, এটা খুব দুঃখজনক ব্যাপার। ক্ষতিগ্রস্থ চাষী ঈসমাইল গাজীকে কৃষি অফিস থেকে সরকারিভাবে কোন আর্থিক সহযোগিতা দেওয়ারও কোন ব্যবস্থা নেই। কিন্তু আমরা তাকে আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছি।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে পোর্ট থানায় একটি আভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে

দ্রুত প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।                                                        

এসএইচ