ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সীমান্ত রক্ষা বাহিনীর বিজিবি সদস্যদের বিরুদ্ধে।
বুধবার রাতে আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় লুৎফর নামে একজন এই নির্যাতন হয় বলে তার স্ত্রী মুন্নি আক্তার অভিযোগ করেন।
মুন্নি বলেন, সকালে বিজিবির আজমপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর সদস্যরা ত্রিপুরা সীমান্তের রামধননগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সন্দেহে আলাল নামের এক ব্যক্তিকে আটক করে।
“এ সময় আমার স্বামী তাকে ছেড়ে দিতে বললে বিজিবি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর দুপুর দেড়টার দিকে বিজিবি সদস্যরা বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে। তারা আমার স্বামীকে ধরে বাড়ির উঠানে নিয়ে লাঠিপেঠা করে। ”
তিনি আরও জানান, লুৎফুরকে আজমপুর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে লুৎফর জ্ঞান হারিয়ে ফেললে রাত সাড়ে ৮টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে বিজিবি।
আহত লুৎফুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার।
এদিকে সদর হাসপাতালে নির্যাতিত ওই যুবকের ছবি তুলতে গেলে বিজিবি সদস্যরা সাংবাদিকদের বাধা দেন।
এ বিষয়ে বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার (কুমিল্লা অঞ্চল) কর্নেল নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করলে লুৎফুর তাকে ছাড়িয়ে নিতে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে লুৎফুরের ধস্তাধস্তি হয়।
তবে নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এএইচ





