ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেট মার্কেটে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেট এলাকার মার্কেটের একটি কনফেকশনারি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে কনফেকশনারি, মিষ্টান্ন ভাণ্ডার, ফলের দোকান, ইলেকট্রনিক্স দোকান, মোবাইলের দোকান এবং হোটেলসহ ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আশুগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবু জাফর বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-পরিচালক মুজিবুর রহমান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।

কেএইচ