সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারা বা না পারার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ (বুধবার) নির্বাচন ভবনে ইউরোপিয়ান পার্লামেন্টারি (ইপি) ডেলিগেশনের সঙ্গে এক বৈঠকে সিইসি একথা বলেন।  বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে বৈঠকে কোনো কথা হয়েছে কি না? -জবাবে কমিশন সচিব বলেন, “এ বিষয়ে (ইপি’র) একজন জানতে চেয়েছিলেন। সিইসি তাদেরকে বলেছেন- এটি আদালতের বিষয়।”

সিইসি বলেন, “আদালত যদি অ্যালাও (অনুমোদন) করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অ্যালাও না’ও করেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে।” 

ইসি সচিব আরও বলেন, “ইপি ডেলিগেশন আগামী সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও জানতে চেয়েছিল -সিইসি তাদেরকে বলেছেন, রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। এবার যেহেতু একজন প্রার্থী ছিলেন, তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”

দেশের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনে সহিংসতার বিষয়ে কোনো কথা হয়েছে কি না বা কোনো বিষয়ে তারা পরামর্শ দিয়েছে কি না?  -জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।  ইসি সচিব বলেন, “প্রতিনিধি দল মূলত আমাদের কাছে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনে কমিশনের খরচের টাকা কে বহন করে জানতে চেয়েছেন। আমরা বলেছি- নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তা সরকার বহন করে থাকে।” 

এর আগে আজ বেলা ৩টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসে ইপি ডেলিগেশন। জিম ল্যামবাডের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড। আর তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে আদালত।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন।  

এমবি