লাইসেন্স ছাড়াই চলছে উবারসহ সব রাইড শেয়ারিং। এ বিষয়ে বিআরটিসি নীতিমালা জারি করলেও উক্ত নীতিমালাটি বাস্তবায়নের সাথে বাংলাদেশ পুলিশ, নির্বাচন কমিশন এবং বিটিআরসি সংশ্লিষ্ট বিধায় এই মুহূর্তে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এতথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, সংসদের প্রশ্নোত্তর লিখিত হয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রীরা আগেই উত্তর দেওয়ার পর তা ছাপানো হয়। গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও তার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
‘অ্যাপসভিত্তিক পরিবহন সেবায় শর্ত মানছে তা কেউ। উবারসহ ১০ প্রতিষ্ঠান চলছে নিবন্ধন ছাড়াই। বিষয়টি সত্য হলে সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না’- নাছিমুল আলম চৌধুরীর এমন প্রশ্নের লিখিত উত্তরে বলা হয়, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
এটি প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের ২২ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৬টি রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছে।
তবে নীতিমালার কিছু শর্ত প্রতিপালিত না হওয়ায় এখন পর্যন্ত আবেদন করা রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিপরীতে এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু করা সম্ভব হয়নি। শর্ত পূরণে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
এএস





