প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গারা যাতে এদেশে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে না পারে এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সচেতন থাকতে হবে।
কোনো কারণে রোহিঙ্গাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা আগামী ১৭ জানুয়ারি খসড়া ভোটার তালিকার আপত্তি ও নিষ্পত্তির দিনে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। যাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক হিসেবে অভিযোগ রয়েছে তারা সে বিষয়ে আপত্তি করতে পারবেন।
উখিয়া উপজেলা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সময় জনপ্রতিনিধিদের গভীর পর্যাবেক্ষণ করার অনুরোধ করে সিইসি বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার হয়ে এদেশের নাগরিকত্ব পেতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। যারা রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এমন জনপ্রতিনিধি ও প্রভাশালী লোকজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এইচএম মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নূরুল ইসলাম, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ





