যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শন করলেন ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ মহাপরিচালক (ডিজি) ডিকে পাঠক।
শুক্রবার বিকেলে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি সীমান্ত চেকপোস্টে এলে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও সু-সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। দুই দেশের বিজিবি ও বিএসফের মধ্যেও রয়েছে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। সীমান্তে চোরাচালানসহ পাচাররোধে বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করছে। বিএসএফ মহাপরিচালক নতুন যোগদান করেই সরেজমিন পরিদর্শনে আসেন সীমান্ত এলাকায়। শুক্রবার বিকেল ৪টার দিকে বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
বিজিবির পক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সহিদুল ইসলাম, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, যশোর ২৬ বিজিবির সিও জাহাঙ্গীর হোসেন, লে. কর্নেল মতিউর রহমান এবং বিএসএফের পক্ষে এডিজি একে মিত্র, এডিজি রমেশসহ বিজিবি ও বিএসএফের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেআই





