রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন সড়ক থেকে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের আট ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন সড়কে অভিযান চালানো হয়।

ওই এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে অভিযান চালিয়ে র‌্যাব ও ডিবি পুলিশের আট জন ভুয়া সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে আটককৃতরা ডাকাতি করতো বলেও জানান এসি ইফতেখারুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, আরিফুজ্জামান শরীফ, মোহাম্মদ রিপন, মোহাম্মদ রুবেল, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আইনুদ্দিন, হেলাল উদ্দিন এবং মোহাম্মদ উজ্জ্বল।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে র‌্যাব লেখা ৪টি জ্যাকেট, ১টি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ৩টি চাপাতি ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। উত্তরা পশ্চিম থানায় আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের নির্দেশনায় এডিসি মোহাম্মদ আশিকুর রহমানের তত্ত্বাবধানে গাড়ি চুরি প্রতিরোধ টিম (পশ্চিম) এর সহকারী পুলিশ কমিশনার শাহাদত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

কেএইচ