ঝিনাইদহ সদর উপজেলায় হাফেজ সোহেল রানা (২৩) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাটক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

কালীগঞ্জ উপজেলার চাপালী মসজিদের মুয়াজ্জিন নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের জোযারদার পাড়ার বখতিয়ার রহমানের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, মঙ্গলবার (১৮ জুন) সকালে বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাটক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

খবর পেয়ে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে।

নিহতের মা রেখা বেগম জানান, তার ছেলে কালীগঞ্জের চাপালি গ্রামের মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে পালন করে আসছিলেন। কি কারণে তার সন্তানকে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না।

জাহিদুর/এমবি