রাজধানীর কারওয়ান বাজারে সুন্দরবন হোটেলের সামনে স্থাপিত বাঘের ম্যুরালটি ভেঙে পড়ার ঘটনায় এক ভ্যানগাড়ি চালক (৪০) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার ভোর ৪টার দিকে ম্যুরালটি রাস্তার ওপর কাৎ হয়ে পড়ে যায়। এতে ম্যুরালের নিচে ঘুমিয়ে থাকা ওই ভ্যানগাড়ি চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির কলাবাগান থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে ওই ব্যক্তি ম্যুরালের নিচে ঘুমিয়ে ছিলেন। ম্যুরালটি ভেঙে পড়লে তিনি তার নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, বৃষ্টির কারণে ম্যুরালটির নিচের মাটি সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর পাশে থাকা বাঘের বাচ্চার ম্যুরালটির কোনো ক্ষতি হয়নি।

কয়েক বছর আগে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্পট কারওয়ান বাজারে তৈরি করা হয় রয়েল বেঙ্গল টাইগার ও এর বাচ্চার ম্যুরাল।

কেএইচ