শাজাহানপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকের যাত্রী। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার বিকেল সাড়ে ৪টায় শাজাহানপুর উপজেলার জামালপুর নামক স্থানে ফরহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী এসএ পরিবহনের একটি বাস জামালপুরে ফরহান ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের যাত্রীরা সামান্য আহত হলেও ট্রাকের কেবিনে চালকসহ চার জন আটকে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ট্রাকের কেবিন কেটে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাসের যাত্রীরা গুরুতর আহত না হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বাস-ট্রাক দুটিই জব্দ করা হয়েছে।
জেআই