খুলনার রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলাধীন রহিমনগর খেয়াঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় রহিমনগর খেয়াঘাটে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মৃতদেহের শরীরে ফুল হাতা সাদা গেঞ্জি ও পরণে জিনসের প্যান্ট ছিল। এ ছাড়া তার গেঞ্জিতে ইসলামিক শ্রমিক আন্দোলন নামে একটি মনোগ্রামও লাগানো ছিল।
স্থানীয় কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রহমত আলী জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছে।
এমই





