জঙ্গিদের আমরা মূলোৎপাটন করতে পারিনি, আমরা তা নিয়ন্ত্রণ করেছি। জঙ্গিরা মূলত বিদেশি নয়, তারা সবাই দেশীয়। বিভিন্ন নামে, বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠে। তাদের মূল উদ্দেশ্য অস্থিতিশীল পরিস্থাতি সৃষ্টি করা। এরই অংশ হিসেবে তারা বিভিন্ন স্থানে বোমা রেখে যাচ্ছে, তাদের মূল উৎপাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৮ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ১৫ই আগস্ট শোক দিবসের নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ঈদুল আজহা ও ১৫ আগস্টে নাশকতার তথ্য নেই জানিয়ে মন্ত্রী বলেন, কোন দিবসকে কেন্দ্র করে নাশকতা যেন না ঘটে সেজন্য গোয়েন্দাসহ সব বাহিনী সজাগ রয়েছেন। সকল দিবস যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সে ব্যবস্থা নিয়েছি। আমরা ঈদুল আযহা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়েও আলোচনা করেছি।
প্রিয়া সাহা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্টের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা দেশের সংখ্যালঘুদের বিষয়ে যে তথ্য দিয়েছেন, তা তার ব্যক্তিগত মতামত। আর এ নিয়ে দেশের ইমাম এবং মুসলিম ধর্মীয় নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এ দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না।
এসএম





