সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-চট্টগাম মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে গ্রামবাসী। এসময় মহাসড়কের উভয় দিকে শত শত দুরপাল্লার গাড়ি আটকা পড়ে ১০কি.মি জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার উপজেলা কদম রসুল এলাকার নারী-পুরুষ মহাসড়কে উঠে এই অবরোধ করে।
জানা যায়, একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের চুরির ঘটনায় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকসহ অজ্ঞাত ২০-৩০ জন গ্রামবাসী বিরুদ্ধে থানায় মামলা হয় গত মঙ্গলবার। এরপর গত দুইদিন ধরে পুলিশ ঐ গ্রামে গ্রেফতারের নামে ঘরে ঘরে তল্লাশী চালায়।
এই ঘটনায় বিক্ষুদ্ধ গ্রামবাসী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে প্রতিবাদ বিক্ষোভ-সমাবেশ করতে থাকে। এর মধ্যে পুলিশ আকস্মিকভাবে ঘটনাস্থলে এসে স্থানীয় যুবলীগ নেতা মো. ইউসুফ ও মো. জসিম উদ্দিনকে আটক করে। এতে করে গ্রামবাসী নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়ার আশ্বাস দিলে গ্রামবাসী মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নেয়।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মো. ইউনুছ জানান, আফরিন শিপ ব্রেকিং ইয়ার্ডে মালিকের দেয়া মিথ্যা মামলায় পুলিশ গ্রামবাসীদের হয়রানি করছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
সীতাকুণ্ড মডেল থানার এস আই আনোয়ার হোসেন মহাসড়ক অবারোধের কথা স্বীকার করে জানান, নিরিহ গ্রামবাসীকে হয়রানী করার বিষয়টি সত্য নয়। মামলার সুর্নিষ্ট আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
এদিকে এই ঘটনার পর ঐ এলাকায় এবং আরফিন শিপ ব্রেকিং ইয়ার্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





