আড়াই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ভারী বর্ষণে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরাবাদ স্টেশনে রেললাইনের স্লীপারের নীচ থেকে মাটি সরে যাওয়ার দরুন দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটে সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় নরসিংদী স্টেশনের ট্রেন চলাচলের সিডিউলে সমস্যা দেখা হয়। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো: নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমিরগঞ্জ স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ও জিনারদী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল।

তিনি বলেন, রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের পশ্চিমে রেললাইনের স্লিপারের নীচ থেকে মাটি সরে যাওয়ায় ট্রেন দু’টি আটকা পড়ে। বিকাল ৩টা নাগাদ কাজ করে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ