কারওয়ান বাজার রেল লাইন বস্তিতে আজ দুপুর ১২টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইন্সপেক্টর শাখাওয়াত জানান, দুপুর ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি ।

তিনি আরও জানান, ওখানে বস্তি উচ্ছেদ অভিযান চলছিল। সেই সময় আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এতে হতাহতের কোন ঘটনাও ঘটেনি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের নেতৃত্বে বস্তি উচ্ছেদ চলছিল। বস্তিবাসী যখন জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়ছিল ঠিক সে সময় তারা আগুন দেখতে পান।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এই বস্তিটি মাদক ব্যবসায়ীদের আখড়া। এটি রেললাইনের জায়গা। আমাদের ওপর নির্দেশ ছিল এটি উচ্ছেদের । সকাল থেকে বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান চলছিল। উচ্ছেদের এক পর্যায়ে হঠাৎ আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সময় ট্রেন চলাচল বন্ধ ছিল কারওয়ান বাজার এলাকায়। 

জেড