বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন সাগরে ভেসে থাকার পর ১৮ জেলেসহ ‘এফবি আল হাসান’ নামে একটি ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (০৯ জানুয়ারি) আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার জেলেরা হলেন- কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সেন্টমার্টিন থেকে ৮৩ নটিক্যাল মাইল অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেদের বরাত দিয়ে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ০৯ ডিসেম্বরে মাছ ধরার উদ্দেশে সাগরে মাছ ধরতে যাত্রা করে ট্রলারটি। মাছ শিকারের সময় ৮ দিন পর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ২২ দিন ভাসমান অবস্থায় থাকে। এসময় কোনওরকম চাল ও শুটকি খেয়ে বেঁচে ছিল জেলেরা। পরে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সাগরে ভাসমান অবস্থায় জেলেসহ ট্রলারটি উদ্ধার করে।

এতে তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য বস্তু প্রদান করে। পরে তাদের পটুয়াখালী পাঠানোর জন্য সেন্টমার্টিনে হস্তান্তর করেন।

শনিবার রাতে কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার আসিফ মোহাম্মদ আলী জানান, “সাগরে ভাসমান উদ্ধার জেলেরা সবাই পটুয়াখালী এলাকার। তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।”

এমবি