ঝিনাইদহের শৈলকুপায় শ্যাকরা গোপালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত ও আট জন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ১২টায় এ রির্পোট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। নিহত কুদো হোসেন (৩৫) উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যনন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ চলছিল।
সকাল ১০টার দিকে এ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন যুবক কুদো হোসেন এবং আহত হন অন্তত আট জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেএ





