টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে ‌একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদালতপাড়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন উপজেলার পুন্ডুরা গ্রামের লতিফ মুন্সীর ছেলে লুৎফর (৫০) ও একই গ্রামের শাহজাহান আলী সাজুর ছেলে বাবুল (২৫)। বাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও লুৎফরকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে আদালতপাড়ার পল্লী বিদ্যুৎ এলাকার মিন্টুর বাড়ির ছাদে কাজ করছিলেন লুৎফর ও বাবুল। হঠাৎ একটি রড ভবনের পাশের ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সঙ্গে লাগলে বিদ্যুতায়িত হয়ে তাদের শরীরে আগুন ধরে যায়। এতে তারা গুরুতর দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন এসে স্থানীয় বিদ্যুৎ স্টেশনের কর্মরতদের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত মধুপুর হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লুৎফরের অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনের ব্যবস্থাপক (ডিজিএম) মোল্লা মো. আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ লাইনের নিচে নির্মাণ কাজ না করার জন্য ওই এলাকায় চিঠি দেওয়া হয়েছিল।

ওএফ