প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

কর্মসূচিতে শাহবাগে শুক্রবার দুপুর ৩টায় ছাত্র, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন বিক্ষোভ ও সমাবেশ করবে বলে জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র সুমন হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

সুমন হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ধরনের কর্মসূচি প্রতিনিয়ত দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর একটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় দাঙ্গা পুলিশ।

আন্দোলনকারীরা সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এ সময় ঢাকা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফলাফল বাতিল করে আবারও পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই গত ২৯ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করা হয়। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।

জেআই