নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই আমার নামে অপপ্রচার করা হচ্ছে। যত অপপ্রচার করাই হোক না কেনো আপনারা কারোর কথায় বিভ্রান্ত হবেন না। আমি উন্নয়ন করতে এসেছি। উন্নয়ন করবই।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় বুধবার সকালে ১০ কোটি টাকা ব্যয়ে দু’টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।
মেয়র আইভি বলেন, ‘যত বাধাই আসুক না কেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।’
তিনি বলেন, ‘শুধু ২নং ওয়ার্ডের উন্নয়নে ১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আজগর হোসেন, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, সুমন দেবনাথ প্রমুখ।
জেআই





