রাজশাহী মহানগরীর পুরাতন ও নতুন বহুতল ভবন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সুরক্ষায় কোনো উদ্যোগ গ্রহণ করছে না মালিকপক্ষ। ভবনগুলো নির্মাণের সময় নিয়ম না মানা ও পুরাতন ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করায় ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

কয়েক বছর আগে নগরীর মাস্টারপাড়ায় দুটিসহ ছয়টি বহুতল ও পুরাতন প্রায় শতাধিক ভবন ভূমিকম্পে হেলে পড়ার পর রাজশাহী সিটি করপোরেশন ৩শ’ ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে। দীর্ঘদিন ধরে এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে মানুষ বাস করে আসলেও নেয়া হয়নি কোনো সুরক্ষা ব্যবস্থা।

এছাড়া নামমাত্র অনুমোদন নিয়ে মালিকপক্ষ নিজেদের ইচ্ছেমত বহুতল ভবন নির্মাণ করায় এসব ভবনগুলো অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে নগরবাসী।

কর্তৃপক্ষের অবহেলায় নগরীতে গড়ে উঠা নতুন ও পুরাতন অনেক ভবনই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। একই সঙ্গে চিহ্নিত এসব ভবনের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ রয়েছে।

তবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ বলছে, তাদের নির্দেশ উপেক্ষা করে ঝুঁকিপূর্ণভবনগুলোর সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করছে না মালিকপক্ষ।

সম্প্রতি সারাদেশের মতো রাজশাহীতেও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে মহানগরীর কয়েকটি ভবন ও স্কুল প্রতিষ্ঠানে ফাটল দেখা দেয়। একদিনের ব্যবধানে রাজশাহীতে আবারও ভূমিকম্প অনুভূত হলে নগরবাসী আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসকারীরা বেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, ২০০৬ সালে ভূমিকম্পের পর নগরীর কাঁচাবাজারে দুটি বহুতল ভবন হেলে পড়ে। এরপর রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পরিষদ ও আরডিএর সমন্বয়ে গঠিত বেঞ্চ নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের উদ্যোগ নেয়। জরিপ চালিয়ে নগরীর ৩শ’ পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এরমধ্যে নগরীর কুমারপাড়া, মালোপাড়া, ঘোষপাড়া টিকাপাড়া এলাকায় বেশি ঝুঁকিপূর্ণ ভবন পাওয়া যায়। পরে রাসিক থেকে এসব ভবন মালিকদের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত নগরীর এসব পুরাতন ঝুঁকিপূর্ন ভবনের বিরুদ্ধে রাসিক কর্তৃপক্ষ জোরালো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

বিশেষ করে গত শনিবার ও রোববার তিন দফায় ভূমিকম্প অনুভূত হওয়ায় কর্তৃপক্ষের টনক নড়ে। দুই দিনে তিনবার ভূমিকম্পের ফলে মালোপাড়া, কুমারপাড়া, ঘোষপাড়াসহ নগরীর বেশকিছু এলাকার পুরাতন ভবনে বড় ধরনের ফাটল দেখা দেয়। এতে ওইসব ভবনে বসবাকারীসহ প্রতিবেশিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফ আলী জানান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভাঙার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেয়া হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। চিহ্নিত ভবনগুলোর মধ্যে গত দুই দিনের ভূমিকম্পে কয়েকটি ভবন হেলে পড়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দিয়েছে। তবুও মালিকপক্ষ রাসিকের নির্দেশ মানছে না।

জেআই