নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে বলে জানতে পেরেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র গোয়েন্দারা।

গতকাল মঙ্গলবার দিল্লিতে এনআইএ-র তিন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য-সম্বলিত ডশিয়ার বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয়া হবে। এছাড়া বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জামায়াতের হাত রয়েছে বলে আগেই জেনেছে এনআইএ।

সম্প্রতি পশ্চিমবঙ্গের খাগড়াগড়ের সেই বাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক বানানোর অন্যতম উদ্দেশ্য ছিলো বাংলাদেশে নাশকতা ঘটানো।

সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার তথ্য জানার পরে সীমান্তে বাংলাদেশ নিরাপত্তা জোরদার করেছে বলে আনন্দবাজার জানায়।

বর্ধমান বিস্ফোরণের তদন্তে নেমে এনআইএ গোয়েন্দারা জানতে পেরেছেন, ২০১১ সাল থেকেই আওয়ামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে সক্রিয় ছিল জেএমবি-র সদস্য নিহত শাকিল ও তার সঙ্গীরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানো ছাড়াও আওয়ামী লীগের নেতাদের হত্যার জন্য বিস্ফোরকগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল তাদের।

ভারতীয় গোয়েন্দাদের মতে, গত তিন বছরে ৪ দফায় তিরিশটি করে আইইডি (ইম্প্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস) অর্থাৎ মোট ১২০টি বিস্ফোরক ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্মকর্তা বলেন, ‘এতো দিন বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের কাজে ব্যবহার হতো বলে অভিযোগ করে এসেছে দিল্লি। এখন পাল্টা অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠছে!’

কেএইচ