চলমান হরতাল-অবরোধে উৎপাদিত পণ্যের বিক্রি আশংকাজনক হারে কমে যাওয়ায় কারিগরদের মজুরি পরিশোধ করতে পারছেন না তাঁত মালিকেরা। শ্রমিকদের কাজ ছেড়ে চলে যাওয়া ঠেকাতে চড়া সুদে দাদন নিয়ে মজুরি পরিশোধ করতে হচ্ছে রংপুরের তাঁত মালিকদের।

এমন পরিস্থতির কারণেই মূলধন সংকটে পড়েছেন রংপুরের গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বেনারসি পল্লীর তাঁত মালিকেরা।

তারা জানান, আগে বেনারসি পল্লীতে পাঁচশ’র বেশি তাঁত চালু থাকলেও উৎপাদিত পণ্যের বাজার গড়ে না ওঠা এবং পরিবহন ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে তা বর্তমানে ৬৪টিতে নেমে এসেছে।

তারা আরও জানান, চলমান হরতাল-অবরোধে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদিত পণ্য সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। ফলে প্রায় দুই শতাধিক শ্রমিকের কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক বছর আগে বেনারসি পল্লীতে সেল সেন্টার গড়ে উঠেছে উল্লেখ করে তারা জানান, অনেক সীমাবদ্ধতার পরেও তাদের উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। অথচ এনজিও থেকে ঋণ নিয়ে সময়মত পরিশোধ করতে না পারায় তারা এখন ঋণগ্রস্থ। তাঁত শিল্পের দিকে সরকারের সুদৃষ্টি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কেএইচ