ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টায় ওই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাজেন্দ্রপুরগামী জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাস রাস্তার পাশে ছিটকে যায়। এ সময় প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।
পুলিশ জানায়, এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগ বাসযাত্রী। পরে স্থানীয়রা আহতদের ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনর রশিদ বলেন, রাস্তা পরিষ্কারের কাজ চলছে। দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





