প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরীক্ষা নিতে নিতে শেষ করে দিচ্ছি বাচ্চাদের। খালি পরীক্ষা আর পরীক্ষা।

প্রধানমন্ত্রী মনে করেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে যে পিইসি পরীক্ষা নেয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তিনিও (প্রধানমন্ত্রী) এর সঙ্গে একমত।

শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার কথাও ভাবছে সরকার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত ২৩তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, পিইসি পরীক্ষা থাকবে কি-না, তা পর্যবেক্ষণে রয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৪ হাজার ৬১১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে রয়েছে ১২শ’ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো ব্যবস্থাপনা, ১১শ’ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগর ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন এবং সাভারের চামড়া শিল্পনগরী নির্মাণে সময় বৃদ্ধি প্রকল্প।

এএস