রাজধানীর হাজারিবাগে পানির ট্যাংকি বিস্ফোরণে সখিনা বেগম (৫০) ও মুকুলী বেগম (৪০) নামে দুই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। হাজারিবাগের বটতলা মসজিদ কমিটির বাড়িতে শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সখিনা বেগমের মেয়ে সালমা আক্তার জানায়, ‘রাত ১০ টার দিকে নিচে জমা পানির ট্যাংকি মোমবাতি দিয়ে দেখতে যায় তার মা ও মুকুলী বেগম। এ সময় ট্যাংকিতে জমা গ্যাস বিস্ফোরিত হয়ে তারা অগ্নিদগ্ধ হন।’

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ