দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে ফেনীতে ছাত্রশিবির ঝটিকা মিছিল করেছে। এসময় পুলিশ একজনকে আটক করেছে।

যেকোনো ধরণের নাশকতা রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও পুলিশ।

সকালে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায়, ট্রাংক রোডে বড় মসজিদের সামনে ও এসএসকে রোডে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে। তারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। দোকান বন্ধ রয়েছে, অফিস ও আদালত খোলা রয়েছে।

ফেনী মডেল থানার ডিউটি অফিসার এসআই রোকসানা বেগম জানান, বৃহস্পতিবার সকালে শহরের এসএসকে রোডে শিবিরকর্মীরা হরতালের সমর্থনে ভাংচুর করার চেষ্টা চালায়। এসময় পুলিশ ওয়ালী উল্লাহ নামের এক শিবিরকর্মীকে আটক করে।

অপরদিকে পুলিশ সুপারের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই