নারায়ণগঞ্জে ঢাকার হাতিরঝিল আদলে পার্ক নির্মাণাধীন ঠিকাদার জাকির হোসেনকে গ্রেজশারের ঘটনায় তাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী।
গত বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত কয়েকজন কাউন্সিলর, প্যানেল মেয়র ও সংগঠনের নেতাকর্মীদের নিয়ে থানার ভেতরে ও বাইরে অবস্থান করেন। ভোর সাড়ে ৬টায় আইভী ও তার লোকজন থানা এলাকা ত্যাগ করেন।
জানা গেছে, ঢাকার হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উদ্যোগে শহরের জিমখানায় লেক ও বিনোদন পার্ক নির্মিত হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকা। এর ঠিকাদারি প্রতিষ্ঠান হলো মেসার্স রত্না এন্টারপ্রাইজ, যার মালিক হলো জাকির হোসেন। ইতোমধ্যে প্রকল্পটির অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে।
এ দিকে গত ২৭ জানুয়ারি রেলওয়ের কয়েকজন কর্মকর্তা লেক ও পার্ক নির্মাণের কাজ বন্ধ করতে গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। বুধবার সন্ধ্যায় রেলওয়ের কানুনগো ইকবাল মাহমুদ বাদি হয়ে নাসিকের ঠিকাদার আবু সুফিয়ানকে প্রধান আসামি করে রত্না এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনসহ সাত-আটজনকে আসামি করে মামলা করেন। মামলায় রেলওয়ে কর্তৃপক্ষ উল্লেখ করে রেলওয়ের জায়গা লিজ না নিয়ে জোরপূর্বক নির্মাণকাজ করা হচ্ছে। রাত পৌনে ১০টায় ঠিকাদার জাকিরকে কালিরবাজার এলাকা থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, বুধবার সন্ধ্যায় রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করেছে। মামলার আসামি ঠিকাদার জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার মধ্যেই সদর মডেল থানায় হাজির হন মেয়র আইভীসহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা। ওই সময় আইভীর সাথে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
এম আর





