বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। রাত ১১টায় দিকে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুরাতন কয়লাঘাট এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে প্রিন্স মোহাম্মদ ফয়সাল ওরফে আল-আমিন (২৫) ও এয়ারপোর্ট থানার বিল্লাবাড়ী এলাকার মো. আবদুস ছাত্তার সিকদারের স্ত্রী রিনা বেগম (৩৫)।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার সোনালী আইসক্রিম মোড়ে আলীর গলি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিনকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস।
অপরদিকে, এসআই চিন্ময় মিত্রের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অপর একটি দল কোতোয়ালি মডেল থানার ফকির বাড়ী রোডের ব্লু-স্কাই নামক বাসায় অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ রিনা বেগমকে আটক করে।
আটক দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এসআই চিন্ময় মিত্র।
কেএইচ





