কুতুপালং শরণার্থী শিবির আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গারা নিরাপত্তা ও নাগরিকত্ব পেলে মিয়ানমার ফিরে যেতে চান বলে জানিয়েছেন তারা। সোমবার রাখাইন কমিশন দ্বিতীয় দিনের মতো ক্যাম্প পরিদর্শনে আসার পর তাদের কাছে এসব কথা জানান রাখাইন রাজ্যের নিপীড়িতরা।

রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে মিয়ানমারে সেনা-পুলিশের নিপীড়নের শিকার গুলিবিদ্ধ হয়ে আহত জামবুনিয়ার আমির হোসেন, দুই ছেলেমেয়েকে হারিয়ে চলে আসা মুহাম্মদ জহুর, স্ত্রী ও মেয়ের নির্মম হত্যার দৃশ্য দেখে বাংলাদেশে আশ্রয় নেয়া হোসেন আহমদসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ নারী, ১৮ শিশু ও ১২জন পুরুষের সঙ্গে কথা বলেন কমিশন সদস্যরা।

এসময় তাদের কাছ থেকেও নিজ দেশে নির্যাতনের বর্ণনা মনোযোগ দিয়ে শুনেন তারা।ক্যাম্প সূত্র আরো জানায়, রেজিস্ট্রার ক্যাম্প থেকে বেরিয়ে কমিশন সদস্যরা অনিবন্ধিত ক্যাম্পের বিভিন্ন অলিগলি ঘুরে বিভিন্নজনের সঙ্গে কথা বলেছেন।

এসময় তাদের ভবিষ্যত চাওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে আশ্রিত রোহিঙ্গারা বলেছেন, নিজ দেশেই তারা ফিরে যেতে চান। তবে, নাগরিকত্ব নিয়েই তারা স্বাধীনভাবে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

তাদের দাবি, মিয়ানমারে ১৪৭ জাতের মধ্যে রোহিঙ্গা ছাড়া বাকি সবার নাগরিকত্ব রয়েছে। তাই নিজ জন্মভূমি হলেও পরবাসীর মতোই জীবন কাটাতে হয় রোহিঙ্গা মুসলিমদের। পরিবারের পুরুষ সদস্যদের কাজে লাগিয়ে পারিশ্রমিক দেয়া হয় না।

তাদের এসব অনিয়মের বিরুদ্ধে কোন কথা বলতে গেলে নির্যাতনের শিকার হতে হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ ক্যাম্পে দূর্বৃত্ত হামলার সূত্র ধরে রোহিঙ্গাদের ভোগদখলীয় জমি দখল, বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা-গুম ও নারীদের গণধর্ষণ করে অবর্ননীয় নির্যাতন করা হচ্ছে। তাই জীবন বাঁচাতে তারা সীমান্তবর্তী বাংলাদেশে পালিয়ে এসেছেন।

আশ্রয় পেলেও বাংলাদেশে তারা থেকে যেতে চান না। নাগরিক মর্যাদা পেলে তারা যত তাড়াতাড়ি সম্ভব মিয়ানমার ফিরে যেতে চান। এটি নিশ্চিত করতে তারা কমিশন সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় ক্যাম্প এলাকায় নানা পেস্টুনসহ লাইনে দাঁড়িয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন নির্যাতিত রোহিঙ্গারা।জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

সোমবার সকালে পুনরায় কুতুপালং ক্যাম্প ঘুরে দেখে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বিকাল সাড়ে তিনটার দিকে প্রতিনিধিদল ঢাকার উদ্দেশ্যে রওনা হন।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদল বৈঠক করবেন বলে কথা রয়েছে।

নাজিব