আইনি প্রক্রিয়া মেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রিভিউ খারিজের পর বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিভিউ খারিজের আদেশের কপি এলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সময় রয়েছে। আইন মেনে সব ঠিকঠাক করে আমরা ব্যবস্থা নেবো।

 

এ রায়ের প্রতিবাদে জামায়াতের হরতাল ডাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এখনও রাজনৈতিক দল হিসেবে রয়েছে। তারা হরতাল দিতেই পারে। তবে জামায়াতের হরতাল জনগণ মানেনি। এখনও বিএনপির অবরোধ চলছেই। তারা অফিসিয়ালি অবরোধ প্রত্যাহার করেনি।

 

জামায়াতকে কেনো নিষিদ্ধ করা হচ্ছে না জানতে চাইলে মন্ত্রী বলেন, আদালতে মামলা রয়েছে। আদালতের মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নেবো।

 

দেশের আইন-শৃঙ্খলার প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে, আমেরিকার চেয়েও ভালো আছে। তবে দু’একটি অপচেষ্টা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার ঠেকানো ও অন্য কোনো উদ্দেশ্য আছে দেশকে অস্থিতিশীল করতে।

 


এমএইচ