সচিবালয়ের ভেতরে মন্ত্রিপরিষদ ভবনের পাশে গণপূর্ত বিভাগের ইএম ভবন ও ডে কেয়ার সেন্টারের মাঝামাঝি স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার সকাল পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এই ঘটনায় সচিবালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ককটেল ২টির একটি ইএম ভবনের পাশে রাখা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুল আলমের ব্যবহৃত গাড়ির ওপরে বিস্ফোরিত হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১১-১৩-৮৭।

ধারণা করা হচ্ছে ককটেল ২টি বিদ্যুৎ ভবনের দিক থেকে নিক্ষেপ করা হয়েছে।

জানা যায়, আগামী ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেই অনুষ্ঠানকে সফল করার জন্য সামসুল আলম আজকের এই সমন্বয় সভায় যোগ দেওয়ার জন্য এসেছিলেন।

প্রকৌশলী সামসুল আলমের কার্যালয় সেগুন বাগিচার ১২ তলা ভবনে। তবে সচিবালয়ের মধ্যে অবস্থিত গণপূর্ত বিভাগের ইএম ভবন তার আওতাধীন।
উল্লেখ্য, অতীতের যেকোনো আন্দোলনের সময়েও সচিবালয়ের ভেতরে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এবারই প্রথম। এই ঘটনায় গোয়েন্দা সংস্থাসমূহ ও সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জেএ