রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পরে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিতে রাস্তায় কমে যায় গণপরিবহনের সংখ্যা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ইত্তেফাক অনলাইনকে জানান, সকাল ৯টা পযন্ত রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটগ্রহণ ও বৃষ্টির কারণে রাজধানীতে গণপরিবহন কমে গেলে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। এ সময় তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। কিছুটা বৈরি আবহাওয়ার মধ্যে আজ একইসঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হ্ওায়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে মাঝারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

এএস