প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৩মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

জয়নুল আবেদীনের ভাগনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর তদারকি করছে বলেও জানান তিনি।

অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এদিকে, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এই শোক জানান।

এমবি