কুমিল্লার বুড়িচং সীমান্তে জসিম উদ্দিন (৪২) নামের এক বাংলাদেশীকে সন্দেহে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

বুধবার দুপুরে ভারতের কমলছড়া থানার নজিরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে বিএসএফ কুমিল্লার বুড়িচং সীমান্তের শংকুচাইল বিওপির হায়দরাবাদ এলাকা দিয়ে বিজিবির নিকট নিহতের মরদেহ হস্তান্তর করেছে।

নিহত জসিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

জানা গেছে, ভারতের নজিরপুর এলাকায় বুধবার দুপুরে বাংলাদেশী নাগরিক জসিম উদ্দিনকে বেধড়ক মারধর করে ভারতীয়রা। খবর পেয়ে বিএসএফ আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের বক্সনগর হাসপাতালে ভর্তি করে। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর আগে তার দেয়া নাম-ঠিকানা বিএফএস শংকুচাইল বিজিবিকে অবহিত করলে পরে বিজিবি তা বুড়িচং থানা পুলিশকে জানায়। বুড়িচং থানা পুলিশ নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার পর নিহতের ছেলে ও ভাই বৃহস্পতিবার বুড়িচংয়ে পৌঁছে সীমান্তে গিয়ে মরদেহ সনাক্ত করেন।

বৃহস্পতিবার বিকালে বিএসএফ নিহত জসিমের মরদেহ বিজিবির নিকট হস্তান্তর করার পর বিজিবি মরদেহ বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, বিজিবি আমাদের নিকট মরদেহ হস্তান্তর করেছে, কেন ওই ব্যক্তিকে সীমান্তের ওপারে ভারতীয় হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মাহমুদ