বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রয়োজনীয়তা অপরিসীম। এই উপলব্ধি থেকে শোকাবহ মহাপ্রয়াণের এই দিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে প্রার্থনা করেছে বাংলাদেশের প্রধান চারটি (খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম) সম্প্রদায়।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক সমাজের আয়োজনে এ সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর প্রথমে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেনজামিন কস্তা, পরে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন কমলাপুর বৌদ্ধ বিহারের শ্রীমৎ কালিত ভিক্ষু, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রকৌশোলী মানস মিত্র, সর্বশেষ পবিত্র কোরআন থেকে পাঠ করেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান।

এর পর সমগ্র দেশ ও জাতির শান্তি কামনা করে প্রার্থনা করেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান। শেষে সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সাংবাদিক আতাউর রহমান।

এমএ/ এআর