রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ চৌরাস্তায় হেলে পড়া ৬ তলা ভবন খালি করার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে ভবনের লোকজনকে সরিয়ে নেওয়ার এ নির্দেশ দেওয়া হয়েছে। আর ভবনের মালিককে বুয়েট থেকে ভবনের সার্বিক বিষয়ে রিপোর্ট সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

আগামীকাল অফিস চলাকালীন রাজউক থেকে ভবন মালিককে এ বিষয়ে একটি চিঠি দেয়া হবে বলে রাজউক জোন-৮ এর অথরাইজড অফিসার আশিস কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, বাইরে থেকে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করা যায়। আসলে আহামরি কিছুই হয়নি। আমি ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে মনে হয় না। তার পরও আমরা ভবনের মালিকপক্ষকে বলা হয়েছে আগামীকাল বুধবার সকালের মধ্যে বাসা থেকে ভাড়াটিয়াদের বের করে দিয়ে বাসা খালি করে দিতে।

আর বুয়েট থেকে ভবনটির বিষয়ে রিপোর্ট আনতে বলা হয়েছে। আমরা বুয়েটকে একটি চিঠি দেব ভবনের বিষয়ে যাতে তারা একটা রিপোর্ট দেন। আর ওই রিপোর্টের ভিত্তিতেই ও ভবনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, ‘ভবনটি হেলে পড়ছে বলে মনে হয় না। এরপরও নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবন থেকে লোকজনকে বের করে দিয়েছে।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কদমতলী থানাধীন রায়েরবাগের মোহাম্মদবাগ চৌরাস্তায় একটি ছয়তলা ভবন পাশের চারতলা ভবনের উপর সামান্য হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাড়ির বাসিন্দাদের হেলে পড়া ওই ভবন থেকে বের করে দেয়।

আর নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই ফায়ার সার্ভিসের সদস্যরা ভবন থেকে লোকজনকে বের করে দিয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এনায়েত উল্লাহ জানিয়েছেন।

এম আর