পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
রোববার (২২ মে) দুপুরে উপজেলার বেংহাড়ি-বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শী ও পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, ওই গ্রামের কৃষক সফিকুল মুন্সির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৬টি পরিবারের ৭০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, ধান-চাল, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সব মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন বেংহাড়ি-বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু।
ওএফ





