ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন রহমতুল্লাহ ওরফে সাজিদের স্ত্রী মোসা. ফাতেমা ও শ্বশুরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাগেরহাট থেকে বুধবার ভোররাতে তাদের আটক করে ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।

বাগেরহাট জেলার পুলিশ সুপার নিজামুল হক সাজিদের স্ত্রী ও শ্বশুরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি সূত্র জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জঙ্গি প্রতিরোধ টিমের একটি দল বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করতে সমর্থ হয়। সেখান থেকে ফাতেমা ও তার বাবাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর সাজিদকে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি যশোর রোড থেকে গ্রেফতার করা হয়। সাজিদ নারায়ণগঞ্জের বাসিন্দা। গত ২ অক্টোবর বর্ধমানে বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিলেন সাজিদ। পরে তার খোঁজ পেতে ১০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

এএইচ