পাবনার ঈশ্বরদী পৌরসভার বাণিজ্যিক ও আবাসিক পৌর কর নতুনভাবে বাড়ানোর প্রতিবাদে এবং সকল ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে শুক্রবার মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী পৌর শাখা বাজারের প্রধান ফটকের সামনে রিকশাস্ট্যান্ডে শুক্রবার সকালে এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি পাবনা জেলা শাখার সভাপতি সন্তোষ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী পৌর শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব, খেলাঘরের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কোনো ঘোষণা না দিয়েই পৌর কর্তৃপক্ষ অষ্টম কর নির্ধারণের নামে ঈশ্বরদীর বাণিজ্যিক ও আবাসিক কর দ্বিগুণ করেছেন। এতে পৌর নাগরিকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। পৌর নাগরিকের সুবিধা বাড়েনি কিন্তু নতুনভাবে কর বাড়ানো হয়েছে।

বক্তারা বলেন, যাত্রীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ঈশ্বরদী জংসন স্টেশন থেকে সকল ট্রেনের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত পৌর কর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানান।

কর বৃদ্ধি প্রসঙ্গে ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু বলেন,‘সরকার নির্ধারিত প্রথম শ্রেণীর পৌরসভায় করের পরিমাণ অনেক বেশি থাকলেও ঈশ্বরদীতে সে পরিমাণ কর বাড়ানো হয়নি। তবুও পৌর নাগরিকদের দাবি বিবেচনা করে ইতোমধ্যে অনেকের কর কমিয়ে দেওয়া হয়েছে। কর নির্ধারণের বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত পৌরসভায় যোগাযোগ করে তা সমাধানের জন্য পৌর এলাকাতে মাইকিং করা হচ্ছে।’

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই