লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ময়না বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ২ জন ।

বুধবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ দূর্ঘটনা ঘটে । নিহত ময়না বেগম উপজেলার উপারমারা এলাকার ব্যবসায়ী আবেদ আলীর স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর আনলোড করতে সোনারভিটা এলাকায় যেতে থাকে। ওই সময় মোটর সাইকেল যোগে স্ত্রী ময়না বেগম ও পুত্র মিজানুর রহমানকে নিয়ে ওই পথে যাচ্ছিল ব্যবসায়ী আবেদ আলী।

ট্রাকটিকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে ছিট পড়ে যায় আবিদ আলী। এ সময় স্ত্রী সন্তানসহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী ময়না বেগম। গুরুত্বর আহত হয় সন্তান মিজানুর রহমান। মিজানুরকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি তদন্ত মো. ফিরোজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী সরকার/এসএম